মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার 
 আসন্ন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। চায়ের টেবিল থেকে রাজনৈতিক মহল পর্যন্ত সাধারণ মানুষের আলোচনার একটাই কেন্দ্রবিন্দু— কে হবেন আগামী দিনের উন্নয়নের দায়িত্বে। তবে স্থানীয়দের চোখে বারবার উঠে আসে এক নাম— ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। গত উপজেলা নির্বাচনে ‘আনারস’ প্রতীক নিয়ে তিনি যে গণজোয়ার সৃষ্টি করেছিলেন, তা ব্রাহ্মণপাড়াবাসী এখনও ভুলতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ ভোটারদের মতে, সেবার বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও কারচুপির কারণে তাকে বিজয় থেকে বঞ্চিত করা হয়েছিল। পরবর্তীতে তিনি সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে চেয়েছিলেন, তা বিশেষ কারণে সম্ভব হয়নি। কিন্তু স্থানীয়দের অভিমত— এমন প্রতিকূলতার মধ্যেও তিনি জনগণের কাছ থেকে দূরে যাননি। বরং বিগত কয়েক বছরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে নিজের গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততা আরও বাড়িয়েছেন।

বর্তমানে দেশের নির্বাচনী পরিবেশকে নির্দলীয় ও স্বচ্ছ বলে উল্লেখ করছে সচেতন ভোটাররা। ব্রাহ্মণপাড়ার নাগরিকদের মতে, যদি বর্তমান সংসদ সদস্যের নেতৃত্বে মাদকমুক্তির প্রচেষ্টা চলমান থাকে এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, তাহলে প্রকৃত সুশাসন ও উন্নয়নের সমন্বয় ঘটানো সম্ভব। স্থানীয়রা মনে করছেন, মাদক নির্মূলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং উপজেলা থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও চোরাকারবারি বন্ধ করতে তার বিকল্প নেই। পরিচ্ছন্ন ইমেজের নেতা হিসেবে তিনি উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলে সংসদ সদস্যের সঙ্গে সুসমন্বয় করে ব্রাহ্মণপাড়াকে একটি আধুনিক ও আদর্শ মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে।

নির্বাচনী মাঠে সরকার জহিরুল হক মিঠুন, মিজানুর রহমান আতিকি, গোলাম কিবরিয়া অপু, মহসিন সরকারসহ আরও অন্যান্য প্রার্থীর নাম শোনা গেলেও, সাধারণ মানুষের ঝোঁক একজন প্রজ্ঞাবান নেতার দিকে। ব্রাহ্মণপাড়ার আপামর জনসাধারণের দাবি, “ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীকে আমরা আবারও উপজেলা নির্বাচনে দেখতে চাই।” স্থানীয়রা মনে করছেন, গতবারের অসম্পূর্ণ বিজয় পূর্ণ করা এবং এলাকার হারানো গৌরব পুনরুদ্ধারে জনগণের পক্ষ থেকে তাকে নির্বাচনে আসার আহ্বান জানানো হচ্ছে। যদি তিনি এই আহ্বান সাদরে গ্রহণ করেন, তবে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচনে এক নতুন এবং ইতিবাচক রাজনৈতিক সমীকরণ গড়ে উঠবে।